দ্রুত সময়েই টিপু হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে
জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী

চ্যানেল আই অনলাইন লোগো সহ একজন পুরুষের ছবি, যা বাংলাদেশের সংবাদ ও তথ্য প্রচার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া প্রীতিকে হত্যার ঘটনায় তদন্ত সূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলেছে, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারী এবং ঘটনার পেছনে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
টিপুকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিলো এজাহারে উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় যানজটে আটকে ছিল জাহিদুলের মাইক্রোবাস। সে সময় মুখোশধারী (কেউ বলছেন হেলমেট পরা) দুই দুর্বৃত্ত এসে জাহিদুলের মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাইক্রোবাসের কাচ ভেঙে জাহিদুলের শরীরে একাধিক গুলি লাগে। চালক মুন্নাও গুলিবিদ্ধ হন। একই ঘটনায় যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান।






