কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান

আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে ‘এস এম আমিনুজ্জামান অ্যান্ড আদার্স ভার্সেস ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল’ মামলার দীর্ঘ শুনানি হয়। কার্যতালিকার এক নম্বরে থাকা মামলাটিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ‘সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ কিংবা ‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ এমন কোনো মন্তব্য করেননি। এ ধরনের সংবাদ অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া।
সুপ্রিম কোর্ট প্রশাসন আরও জানায়, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে এ ধরনের সংবাদ প্রচারে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং আদালতের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই করা হলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
বিজ্ঞপ্তিতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনকে আদালত অবমাননার শামিল বলেও উল্লেখ করা হয়।
এদিকে, প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত, খণ্ডিত ও অতিরঞ্জিতভাবে প্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আপিল বিভাগে মামলার শুনানির সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার অনীক আর হকও উপস্থিত ছিলেন।
চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে জানিয়েছেন, গণমাধ্যমে প্রচারিত কথিত বক্তব্য প্রধান বিচারপতি দেননি; বরং তার বক্তব্য বিকৃত ও খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক।
তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হলে সুপ্রিম কোর্টের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও কর্তৃত্ব ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থে বিচারপতিরা সাধারণত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিতে পারেন না। ফলে তাদের বক্তব্য নিয়ে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হলে তা সংশোধনের দায়িত্ব গণমাধ্যমের ওপর আরও বেশি বর্তায়।
বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রকাশিত ভুল, অসম্পূর্ণ বা বিকৃত তথ্যসংবলিত সংবাদ প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়।






