আন্তর্জাতিক

নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক

নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করে তেমন কোনো সুফল না পাওয়ায় নিজের সিদ্ধান্তকে ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা-স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেছেন, নির্বাচনে এত অর্থ ব্যয় না করাই ভালো হতো।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন মাস্ক। তিনি বলেন, ‘এত অর্থ ব্যয় করেছি, কিন্তু এর বিনিময়ে তেমন কিছুই পাইনি। এ জন্য নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যম আরজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মাস্ক আরও বলেন, তার অর্থায়ন না থাকলে রিপাবলিকান প্রার্থীদের ফলাফল হয়তো আরও খারাপ হতে পারত। তবে এবারের নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে, শুধু প্রচুর অর্থ ব্যয় করে নির্বাচনে জয় নিশ্চিত করা যায় না। অতীতের সিদ্ধান্তে ফিরে যাওয়ার সুযোগ থাকলে তিনি কম অর্থ ব্যয় করতেন বলেও জানান।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। বিশেষ করে টেক্সাস অঙ্গরাজ্য রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রাখতে তিনি বড় ধরনের অর্থনৈতিক সহায়তা দেন। টেসলা ও স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং দুই প্রতিষ্ঠানের যৌথ চিপ উৎপাদন উদ্যোগের পরিকল্পনা রয়েছে এই অঙ্গরাজ্যে।

তবে নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। টেক্সাসে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। এ ফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্কের নির্বাচনী বিনিয়োগও প্রত্যাশিত ফল আনতে পারেনি।

মাস্কের সবচেয়ে বেশি গুরুত্ব ছিল টেক্সাসের সিনেট নির্বাচন। সেখানে রিপাবলিকান কেন প্যাক্সটনকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট জেমস টালারিকো।

এদিকে রিপাবলিকান দলের কট্টর সমর্থকগোষ্ঠী থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মাস্ক। তিনি বলেন, ‘আমি ম্যাগা সমর্থক নই।’ ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের প্রতি অন্ধ আনুগত্যকে তিনি সমর্থন করেন না বলেও জানান। যদিও এর আগে নিজেকে ম্যাগা সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি।

দুই রাজনৈতিক দলেরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে উল্লেখ করে মাস্ক স্বীকার করেন, নির্বাচনে তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মাস্ক জানান, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখবে বলে তার ধারণা। প্রতিষ্ঠানটি অতিরিক্ত ১০ গিগাওয়াট সক্ষমতা চাইতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়:টেসলা-স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিপুল অর্থ বোকামি যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…