খুলনায় চায়ের দোকানে বসে থাকা যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত
খুলনার ডুমুরিয়া উপজেলায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আনিসুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তরিকুল ইসলাম পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। তিনি ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তরিকুল। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন। কিছুক্ষণ কথা বলার পর তারা তরিকুলের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ মণ্ডল বলেন, খুলনায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তরিকুল। পরে বাসে জায়গা না পেয়ে ফিরে এসে চায়ের দোকানে বসেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই হেলমেটধারী ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যান।
তরিকুলের বাবা আবদুস সালাম শেখ গণমাধ্যমকে বলেন, ‘আমার কিছু বলার নেই। রাজনীতিই আমার সব শেষ করে দিল।’
পুলিশ জানায়, ঘটনার সময় তরিকুল একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানেই দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় অভিযান চালানো হচ্ছে। তরিকুলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।





