ক্রিকেট

প্রথম ইনিংসে ৪০০ করেও হার, কোন বিষয়কে দায়ী করলেন শান্ত

জোহানেসবার্গ টেস্ট

প্রথম ইনিংসে ৪০০ করেও হার, কোন বিষয়কে দায়ী করলেন শান্ত

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ বা তার বেশি রান করে আগে কোন দল হারেনি। ১৯ টেস্টে অক্ষত থাকা সেই রেকর্ড ভাঙায় পরাজিত দলটি হল বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ওয়ান্ডারার্সে নতুন ইতিহাস গড়েছে সাউথ আফ্রিকা।

প্রথম ইনিংসে ৪০০ রান তুলেও স্বাগতিকদের ৫৫৭ রানের জবাব দিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায়। জয়ের জন্য সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান। ৯ বলে যা ছুঁয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

ম্যাচে বাংলাদেশের হারের পেছনে বড় কারণ বোলিং ও ফিল্ডিং ব্যর্থতা। প্রথম ইনিংসে নো-বলের জন্য উইকেট পাওয়ার সুযোগ হারান তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে একই ভুল করেন ইবাদত হোসেন। প্রথম ইনিংসে চারটি ক্যাচ ফেলে সাউথ আফ্রিকাকে বড় সংগ্রহ গড়ার সুযোগ করে দেয় বাংলাদেশ। সঙ্গে ছিল দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব ভুল নিয়ে আক্ষেপ ঝরেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে।

বলেছেন, ‘আমরা এত বেশি ভুল করতে পারি না। বিশেষ করে নো-বল আর ক্যাচ ছাড়ার মতো ভুল। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে নামলে এমন ভুল করার সুযোগ নেই।’

তবে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে ইতিবাচক দিক দেখছেন শান্ত। তাওহীদ হৃদয়ের ১৩৭, লিটন দাসের ১২০ এবং তানজিদ হাসান তামিমের ৬৭ রানের ইনিংসে সন্তুষ্ট অধিনায়ক। বললেন, ‘ব্যাটিং বিভাগ নিয়ে আমি খুবই খুশি। গত কয়েক বছর ধরে আমাদের পেসাররা দারুণ খেলছে। আমরা যেভাবে ব্যাটিং করেছি, বিশেষ করে লিটন ও হৃদয়, তাতে আমি সত্যিই খুশি। আশা করি, পরের ম্যাচেও এটা ধরে রাখতে পারব।’

বিষয়:জোহানেসবার্গ টেস্ট নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…