চাঁদপুরে বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের একটি বাসা থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত ও গলা বাঁধা ছিল। শরীরেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাত্র ১৮ দিন আগে ওই বাসায় একা থাকতে শুরু করেছিলেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মাত্র ১৮ দিন আগে ভবনটির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একা বসবাস শুরু করেন লুৎফর নাহার। তার এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজনরা। মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার মেয়েরা।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, নিহতের হাত ও গলা বাঁধা ছিল। শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সদর থানা পুলিশ ও পিবিআই যৌথভাবে তদন্ত শুরু করেছে।






