গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন উপস্থিত। অথচ নেইমারের সঠিক বিকল্পকে দলে পাওয়া হল না বার্সেলোনার। ফিলিপে কৌতিনহোর জন্য বার্সার চার দফা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল। কাতালানদের শেষ আশা ছিল পাওলো দিবালাকে ঘিরে। কিন্তু শেষ পর্যন্ত এখানেও ব্যর্থ স্প্যানিশ ক্লাবটি। তাদের আকাশ ছোঁয়া দামের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে জুভেন্টাস।
দিবালার জন্য বার্সার হাঁকানো ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে সরাসরি না করে দিয়েছে জুভরা। কাতালানদের কাছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রির ব্যাপারে ইতালিয়ান ক্লাবটির সু-ইচ্ছার কোন প্রমাণ মিলছে না ।
মূলত লিভারপুল থেকে কৌতিনহোকে আনতে না পেরেই দিবালার জন্য ছুটছিল বার্সা। কিন্তু দলবদলের শেষ দিন পর্যন্ত এই দুই জনকে না পাওয়ার সম্ভাবনাই বেশি স্প্যানিশ জায়ান্টদের।
অবশ্য বিকল্প চিন্তায় মাথায় রেখেছে ন্যু ক্যাম্পের দলটি। লেস্টার সিটি ফরোয়ার্ড রিয়াদ মাহরেজকে দলে টানতে চায় বার্সা। এই আলজেরিয়ানের জন্য ৫০ মিলিয়ন ইউরো দাম হাঁকাতেও প্রস্তুত বার্সেলোনা।








