টাঙ্গাইলে ট্রাক-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী নিহত ও আরও ৩জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের গালা ইউনিয়নের রসুলপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক রসুলপুর এলাকার উৎসব ফিলিং স্টেশনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও ৪জন সিএনজি যাত্রী। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যায়।
আহত অপর তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে শহর আলী (২৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাট জেলার নিকশেখসিন্ধু গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তাদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতলের মর্গে রাখা রয়েছে।







