যদি প্রথম টেস্টকে বাংলাদেশের ব্যাটসম্যানরা কঠিন লড়াই মনে করেন, তবে দ্বিতীয় ম্যাচে তারা আরও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারেন। সাউথ আফ্রিকা দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস তেমনটাই বলছেন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জেতার পরও পিচ নিয়ে সমালোচনা করেছিলেন অধিনায়ক ডু প্লেসিস। দ্বিতীয় ইনিংসে টাইগাররা অলআউট হয় মাত্র ৯০ রানে। প্রোটিয়ারা ম্যাচ জেতে ৩৩৩ রানে।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েও পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কের পিচ নিয়ে প্লেসিস নিজের অসন্তুষ্টির কথা জানান। ফ্ল্যাট পিচ প্রথমদিন থেকেই ছিল বেশ মন্থর।
বাংলাদেশের বিপদ বাড়াতে দ্বিতীয় টেস্টে তাই আরও পেসবান্ধব এবং বাউন্সি পিচের অনুরোধ জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। সেইসঙ্গে পিচে বাড়তি ঘাসও চেয়েছেন।
সাউথ আফ্রিকার স্পোর্টস টুয়েন্টিফোর জানাচ্ছে, ডু প্লেসিস কিউরেটরদের বলেছেন, ‘পচেফস্ট্রমের কন্ডিশন দেখে আমি সত্যিই খুব হতাশ ছিলাম। আমরা যা চেয়েছিলাম তারা (পিচ কিউরেটর) সেটার তেমন কিছুই দেয়নি। আশা করছি ব্লুমফন্টেইনের পিচে পেস ও বাউন্স থাকবে। সেইসঙ্গে ঘাসও একটু বেশি থাকবে।’
আগামী শুক্রবার ব্লুমফন্টেইনে শুরু হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট।










