বল টেম্পারিং-এর অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সাউথ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্ট চলাকালীন ডু প্লেসিস মুখে চুইংগাম রেখে বলকে পিচ্ছিল করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, ডু প্লেসিস মুখে আঙ্গুল ঢুকিয়ে লালা মাখানো সেই আঙুল দিয়ে বলের এক পাশ ঘষছেন। এমন দৃশ্য ২ বারের বেশি দেখা গেছে। ক্যাগিসো রাবাদার ওভারে আউট হয়েছেন পিটার নেভিল ও জো মেনি। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২.৯ ধারা ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে তদন্ত করছে আইসিসি। তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। শিগগিরই এই অভিযোগের শুনানী করবেন আইসিসির এলিট প্যানেলে থাকা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
তবে আইসিসি কোড অব কন্ডাক্টের ৪২.৩ ধারায় ম্যাচ চলাকালীন সময়ে কাপড়ে ঘষে বলের উজ্জ্বলতা বাড়ানোর বৈধতা দিয়েছে।
প্লেসিসের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে তার ম্যাচ ফির ৫০ শতাংশ থেকে শুরু করে পুরোটাই কেটে রাখতে পারে আইসিসি। সাথে যোগ হবে তিন বা চারটি ডিমেরিট পয়েন্ট। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বলের একপাশের উজ্বলতা নষ্টের দায়ে সেবার ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয় তার।
এদিকে আইসিসির এমন পদক্ষেপে ফুঁসছে আফ্রিকান ক্রিকেট অঙ্গন। অধিনায়কের পাশে দাঁড়িয়ে হাশিম আমলা বলেছেন: প্লেসিসের উপর আনা অভিযোগের বিরোধিতা করে আমরা একাত্ম হয়েছি। আমরা ভুল কিছু করিনি। এই অভিযোগ নিছক একটা তামাশা।
এই ঘটনাকে ‘এপ্রিল ফুল’ এর সঙ্গে তুলনা করেছেন আমলা। তিনি বলেছেন, ‘এটা এপ্রিল মাস নয়। কিন্তু ডু প্লেসিসের উপর আনা অভিযোগ সত্যিই হাস্যকর। একটা দল হিসেবে আমরা এর নিন্দা জানাচ্ছি।’
সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ এক টুইট বার্তায় বলেছেন: আমি বিশ্বাসই করতে পারছিনা বল টেম্পারিং নিয়ে আইসিসি পুতুল নাচ শুরু করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচ টেস্ট সিরিজের দুটিতে জয় তুলে নিয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী সাউথ আফ্রিকা।










