এবারের নবম আইপিএলের নতুন ফ্যাঞ্চাইজি গুজরাট লায়ন্স পাঁচ উইকেটে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে শুভ সূচনা করেছে।
সোমবার মোহালিতে পাঞ্জাবের দেওয়া ১৬২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন হার্ড হিটার ব্রেন্ডন ম্যাককালাম।
তবে শুরুর ধাক্কা বুঝতেই দেয়নি আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ। মূলত ফিঞ্চের ৪৭ বলে ১২ চারে ৭৪ রান গুজরাটের জয়ে ভূমিকা রাখে।
দ্বিতীয় উইকেট জুটিতে ফিঞ্চ অধিনায়ক রায়নাকে নিয়ে ৫১ রান যোগ করেন। রায়না (২০) রানে আউট হলে তৃতীয় উইকেট জুটিতে দিনেশ কার্তিককে নিয়ে ৬৫ রান যোগ করেন।
জয় থেকে ৪৪ রান দূরে থাকাকালীন অবস্থায় ফিঞ্চ পার্দিপ সাহুর বলে স্ট্যাম্প হলে খানিকটা বিচলিত হয় গুজরাট। তবে দিনেশ কার্তিকের ২৬ বলে অপরাজিত ৪১ রানে সহজেই ১৮ বল হাতে রেখে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় গুজরাট লায়ন্স।
এর আগে টসে হেরে ব্যাট করতে কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে করে ১৬১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মুরালি বিজয়। গুজরাটের পক্ষে চারটি উইকেট নেন ডুয়াইন ব্রাভো।








