ছেলের ম্যানসিটি যাত্রার অডিও নিয়ে মেসির বাবা বলছেন…

Lionel Messi wearing Manchester City kit, smiling, with a stadium background. Channel i News – চ্যানেল আই নিউজ
সাবেক গুরু পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন লিওনেল মেসি, এমন একটা জোর আলোচনা বার্সেলোনা থেকে ইংল্যান্ড পর্যন্ত। এরমধ্যে দুই নারী-পুরুষের আলাপের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে, বলা হচ্ছে অডিওতে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে ম্যানসিটিতে যাওয়ার কথা বলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেসব কিছুকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি।
আর্জেন্টাইন পত্রিকা লা ন্যাসিওনের ফাঁস করা অডিও ক্লিপে পুরুষ কণ্ঠটি অপরপ্রান্তের নারীকে বলছেন, ‘আমার হৃদয়ে রক্ত ঝরছে, তবে এখানেই শেষ। আজ থেকে সব সম্পর্ক শেষ।’
‘আমি পেপের (পেপ গার্দিওলা) সঙ্গে কথা বলেছি, যেন সে আমার যাওয়ার রাস্তা (ম্যানসিটি) বের করতে পারে।’
সেই অডিও প্রচারে মেসিকে ম্যানসিটির জার্সি পরিয়ে কণ্ঠটি তার বলে দাবি করেছে লা ন্যাসিওন।
পরে অবশ্য অডিওটি সম্পূর্ণ ভুয়া বলে উল্লেখ করেছেন মেসির বাবা হোর্হে মেসি। লা ন্যাসিওনকে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি বলেছেন, ‘হ্যালো, লা ন্যাসিওন। তোমাদের এই অডিও ক্লিপটি ভুয়া। এমন কোনো কথাই হয়নি। এটা পুরোটাই কাল্পনিক।’






