ক্রিকেট

চোটের কারণেই খেলেননি সাইফউদ্দিন

চোটের কারণেই খেলেননি সাইফউদ্দিন

সাউদাম্পটন থেকে: বিশ্বকাপের মঞ্চে মোহাম্মদ সাইফউদ্দিন বল হাতে ছুটে চলছিলেন দারুণ গতিতে। হঠাৎ সেটি থামিয়ে দিয়েছে পিঠের চোট। ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি। শরীরে চোট পাওয়া এ তরুণ পরে পেয়েছেন মনেও চোট। সেটি তাকে ঘিরে ‘ভুল’ সংবাদের কারণে।

টন্টনে পাওয়া সাইফউদ্দিনের শরীরের আঘাত সেরে উঠেছে সাউদাম্পটন এসে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে রোববার রোজ বোল স্টেডিয়ামে পুরোদমে করেছেন ব্যাটিং-বোলিং অনুশীলন। শরীর ফিট হয়েছে বিশ্রামে। তরুণ অলরাউন্ডারের মনের আঘাতও বুঝি দূর হয়ে গেল এবার!

সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ কোচ স্টিভ রোডস করলেন সব ভুল বোঝাবুঝির অবসান। জানালেন, চোটের কারণেই আগের ম্যাচটা খেলতে পারেননি সাইফউদ্দিন।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভয়ে ট্রেন্ট ব্রিজের ম্যাচটা নাকি ইচ্ছা করেই খেলেননি সাইফউদ্দিন। খেললে বোলিংয়ে বেধড়ক পিটুনি খেতে পারেন! এমন শঙ্কা থেকেই নাকি নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তাই ছোট চোটকে বড় করে তুলে ধরেছেন টিম ম্যানেজমেন্টের কাছে।

বাংলাদেশের একটি পত্রিকা ও তার অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদটি সাইফউদ্দিনের জন্য ছিল চরম অপমানের। ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই কলঙ্কের দাগ লাগায় টিম হোটেলে বসে নীরবে কেঁদেছেন।

নেতিবাচক খবর ভাইরাল হয় দ্রুত। সাইফউদ্দিনের বেলায় তাই-ই হয়েছে। কারও কারও কাছে ছিল বিস্ময়কর তথ্য। কীভাবে একজন ক্রিকেটার বিশ্বকাপের মতো আসরে খেলা থেকে নিজেকে দূরে রাখতে পারে? এটি নিয়ে ধোঁয়াশা, গুঞ্জন দূর হল রোডসের কথায়।

টাইগার কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল শারীরিক ও মানসিকভাবে কেমন আছেন সাইফউদ্দিন? ধাপে ধাপেই রোডস দিলেন জবাব, শারীরিকভাবে সাইফউদ্দিন ভালো আছে। তার বিশ্রাম প্রয়োজন ছিল। পিঠের চোট নিয়ে সে সত্যিই যন্ত্রণায় কাতর ছিল এবং এই কারণেই অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচটা খেলতে পারেনি। সে বল করতে পারছিল না। বল করতে পারছে না এমন বোলারকে নিশ্চয় আপনি খেলাতে পারবেন না।

‘তার মানসিক অবস্থার কথা যদি বলি, এটিও গুরুত্বপূর্ণ কেননা তাকে নিয়ে যে প্রতিবেদনটি এসেছে সেটি সত্যি নয়। কোনো খেলোয়াড়ের সততা নিয়ে প্রশ্ন তোলার আগে শতভাগ নিশ্চিত হওয়া উচিত। যদি কোনো তথ্য মিথ্যা হয় এবং এটি আসলে খুব কঠিন অবস্থায় রাখে একজন খেলোয়াড়কে। এটি খেলোয়াড় এবং বাংলাদেশের জন্য ভালো কিছু নয়।’

বিষয়:বিশ্বকাপ-২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ মোহাম্মদ সাইফউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…