স্পন্সর ছাড়াই চলছিল দেশের ঘরোয়া ক্রিকেট। এবার পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে দুটি ব্যাংক। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের স্পন্সর হয়েছে একটি ব্যাংক।
আরেকটি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। ঘরোয়া ক্রিকেট নিয়ে সুখবর জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ব্যাংক দুটির নাম উল্লেখ করেননি তিনি।
এনসিএলের সঙ্গে এতদিন ছিল ওয়ালটন। তারা আয়োজন থেকে সরে গেছে। ফলে বিসিবিকেই সব খরচ মেটাতে হতো।
ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) স্পন্সর ছিল না কয়েকটি আসর ধরে। নিচের সারির লিগ- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট আসরে পৃষ্ঠপোষকতা পাওয়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জন্য বড় ঘটনাই।







