গ্রিসের রাজধানী অ্যাথেন্সের পূর্ব ও পশ্চিম অংশে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক।
গ্রিক সরকারের মুখপাত্র দিমিত্রিস জানাকোপৌলস জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত হিসেবে ১০৪ জনের বেশি দাবানলে দগ্ধ ও আহত হয়েছে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
নিহতদের মধ্যে ১৬ টি শিশু রয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১০ ড্যানিশ পর্যটকসহ এখনো নিখোঁজ অনেকে। ওই ১০ পর্যটক একটি নৌকায় করে এক অংশের আগুন থেকে বেঁচে পালিয়েছিলেন, এই খবরের ভিত্তিতে তাদের সন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সোমবার থেকে শুরু হওয়া দাবানলটি বাতাসের তীব্র গতির কারণে রাজধানীর পাশের বনে ছড়িয়ে পড়েছে। পুরো এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে গ্রিস।
দাবানল ছড়িয়ে পড়ায় মানুষজনকে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে যেতে বলা হয়েছে। পুড়ে গেছে কয়েকশ ঘর বাড়ি। অ্যাথেন্স ও তার আশপাশের এলাকা থেকে লোকজন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েকশ’ দমকলকর্মী এবং সেনাবাহিনী।
দাবানলে ভেঙ্গে পড়েছে সড়ক মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। ‘আমরা আমাদের সাধ্যমতো দাবানল নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছি,’ বলেন তিনি।








