মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা আল্লু অর্জুনের

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহার ১০ম জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সঙ্গে একটি সাদাকালো ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা লিখেছেন অভিনেতা। তার সেই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।
২১ নভেম্বর আরহার জন্মদিন উপলক্ষে ছবিটি প্রকাশ করেন আল্লু অর্জুন। মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমার জীবনের সবচেয়ে আনন্দের উৎস’।
স্ত্রী স্নেহা রেড্ডি এবং দুই সন্তান আল্লু আরহা এবং আল্লু আয়ানের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আল্লু অর্জুন। পরিবারের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সাথে ভাগ করে নিতেও দেখা যায় তাকে।
আরহার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘শকুন্তলম’-এর নির্মাতা প্রতিষ্ঠান গুনা হ্যান্ডমেড ফিল্মসও। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত শুভেচ্ছাবার্তায় আরহাকে ছোট্ট তারকা হিসেবে উল্লেখ করে তার জীবনের প্রতিটি দিন হাসি, আনন্দ ও সুন্দর মুহূূর্তে ভরে ওঠার প্রত্যাশা জানানো হয়।
এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার সাফল্যের পর পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’-তে অভিনয় করছেন তিনি। এতে তার সাথে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, ম্রুণাল ঠাকুর, জাহ্নবী কাপুর, যোগী বাবু, জিম সার্ভ ও রম্যা কৃষ্ণন। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়া পরিচালক লোকেশ কানাগরাজের পরবর্তী সিনেমাতেও দেখা যাবে আল্লু অর্জুনকে। প্রাথমিকভাবে ‘এএ২৩’ নামে পরিচিত সিনেমাটির প্রাক-প্রযোজনার কাজ চলছে। আগামী ডিসেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের বড়দিনে সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।
পাশাপাশি আল্লু অর্জুনের হাতে রয়েছে ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ সিনেমাটিও। এনডিটিভি






