বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সংগৃহীত

নাশকতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে বিরোধী জোটের শরিক জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে আমন্ত্রণ জানানো হতে পারে। আগামী সোমবার এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। তবে বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের আয়োজন করা হচ্ছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সরকার ও বিএনপিসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সংলাপ আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়।

জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। গত ১৩ নভেম্বর তিনি যুক্তরাজ্য সফরে যান।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শফিকুর রহমান দেশে ফেরার আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হতে পারে। সে ক্ষেত্রে আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপের সূচনা হতে পারে।

বিষয়:তারেক রহমান নাশকতা প্রতিরোধে জাতীয় ঐক্য প্রধানমন্ত্রী বিরোধী জোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…