আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় জরুরি অবস্থা জারি মালয়েশিয়ার

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় জরুরি অবস্থা জারি মালয়েশিয়ার

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর পর মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের একটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় জানায়, জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বায়ুদূষণ ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছানোয় সারাওয়াকের সেরিয়ান ডিভিশনজুড়ে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম।

সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই এলাকায় বায়ুদূষণ সূচক স্থানীয়ভাবে জরুরি অবস্থা বিবেচনার মতো পর্যায়ে পৌঁছেছিল।

জরুরি অবস্থার আওতায় সেরিয়ানের ৬৪৭টি স্কুল সোমবার থেকে অন্তত আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বন্ধ থাকবে। একই সময়ে সরকারি-বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ ও পাথরখাদানের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো চালু থাকবে।

সারাওয়াকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের কৃত্রিম বৃষ্টি তৈরির কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত বাড়ানো হবে। ওই সময়ে মেঘ তৈরির পরিবেশ আরও অনুকূল হওয়ার পূর্বাভাস থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি অবস্থা পুরো সারাওয়াকে নয়, শুধু সেরিয়ান এলাকায় প্রযোজ্য। তবে তিনি স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাইরের কার্যক্রম যতটা সম্ভব কমিয়ে আনুন এবং বাইরে কঠোর পরিশ্রম বা শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলুন।’

বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরে ধোঁয়াশায় আক্রান্ত। প্রতিবেশী সাবাহ রাজ্য এবং মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলও একই পরিস্থিতির মুখে পড়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ধোঁয়াশার প্রভাব পড়েছে। ব্রুনাইয়েও বায়ুতে ধোঁয়াশা দেখা দিয়েছে। এদিকে সিঙ্গাপুর জানিয়েছে, ২৪ ঘণ্টার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যা থেকে তারা প্রতিদিনের ধোঁয়াশা সতর্কতা প্রকাশ শুরু করবে। ২০২৩ সালের পর দেশটিতে এ ধরনের সতর্কতা এবারই প্রথম।

ধোঁয়াশার প্রভাব পড়েছে ফিলিপাইনেও। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র রাজধানী ম্যানিলা ও আশপাশের মেট্রো ম্যানিলা অঞ্চলসহ এক ডজনের বেশি প্রদেশে ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায়, বিশেষ করে কালিমানতান ও সুমাত্রা দ্বীপে জ্বলতে থাকা দাবানল থেকেই এ বছরের আন্তঃসীমান্ত ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটি ইন্দোনেশিয়াজুড়ে চলমান মৌসুমি দাবানল সংকটেরই অংশ।

বিজ্ঞানীরা বলছেন, চলতি মাসে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এর ফলে পুরো অঞ্চলে আরও গরম ও শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে দাবানলের তীব্রতা বাড়তে পারে।

বিষয়:ইন্দোনেশিয়াজরুরি অবস্থা জারিদাবানলমালয়েশিয়াসারাওয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…