স্মার্টফোনের ছোটো স্ক্রিনের পাশাপাশি এবার কম্পিউটারে এলো জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। এখন থেকে কম্পিউটারে চালানো যাবে অ্যাপটি। সম্প্রতি উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারের জন্য মেসেজিং অ্যাপ্লিকেশনটির পিসি সংস্করণ চালু করা হয়েছে।
উইন্ডোজ ৮ এবং ম্যাক ১০.৯-এর পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোতে কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে। এর আগে গত বছর সেবাটির ওয়েব সংস্করণ চালু করা হয়েছিলো। হোয়াটসঅ্যাপের পিসি সংস্করণটি ওয়েব সংস্করণের মতোই কাজ করবে। তবে পিসি সংস্করণে কয়েকটি নতুন ফিচার যুক্ত হয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পিসি সংস্করণ চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত তারা । শুধু স্মার্টফোন নয় তাদের ইচ্ছা ছিলো সব ধরনের ডিভাইসে অ্যাপটির ব্যবহার নিশ্চিত করা। হোয়াটস অ্যাপের পিসি সংস্করণের মাধ্যমে তাদের সেই ইচ্ছাই পূরণ হলো।
ফেসবুকের মালিকানাধীন এই জনপ্রিয় অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা বিশ্বব্যাপী এখন এক বিলিয়নের কিছু বেশী।







