তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, আসছে মেসেজ শিডিউল করার সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, আসছে মেসেজ শিডিউল করার সুবিধা

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর (শিডিউল মেসেজ) সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে আগে থেকেই মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে এ তথ্য উঠে আসে।

এতে বলা হয়, সর্বনিম্ন ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১৪ দিন পর পর্যন্ত মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

জন্মদিনের শুভেচ্ছা, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রিমাইন্ডার কিংবা নির্দিষ্ট সময়ে কাউকে কোনো তথ্য পাঠানোর ক্ষেত্রে নতুন এই সুবিধা বেশ কার্যকর হবে। ব্যবহারকারীরা সুবিধামতো সময়ে মেসেজ লিখে তা পাঠানোর সময় নির্ধারণ করে রাখতে পারবেন।

যেভাবে মেসেজ শিডিউল করবেন

  • হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে প্রবেশ করুন।

  • যে মেসেজটি পাঠাতে চান, সেটি লিখুন।

  • সেন্ড বাটন চেপে ধরে রাখুন।

  • মেসেজ পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করুন।

  • নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজটি পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

শুধু লিখিত মেসেজ নয়, ছবি ও ভিডিও পাঠানোর ক্ষেত্রেও এই সুবিধা ব্যবহার করা যাবে। প্রাপকের কাছে নির্ধারিত সময়ে পাঠানো মেসেজটি অন্য সাধারণ মেসেজের মতোই দেখাবে।

ফোন বন্ধ থাকলেও পৌঁছাবে মেসেজ

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীর ফোন বন্ধ থাকলে কিংবা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ে মেসেজ পৌঁছে যাবে প্রাপকের কাছে।

নিরাপত্তার ক্ষেত্রে সাধারণ ব্যক্তিগত মেসেজের মতো শিডিউল করা মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। ফলে এসব মেসেজের বিষয়বস্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও পড়তে পারবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাতিল করা যাবে নির্ধারিত মেসেজ

ব্যবহারকারীরা আগে থেকে শিডিউল করা মেসেজগুলোর তালিকা দেখতে পারবেন। প্রয়োজনে নির্ধারিত সময়ে পাঠানোর আগেই সেগুলো মুছে ফেলা যাবে। ফলে কোনো পরিকল্পনা পরিবর্তন হলে কিংবা মেসেজ পাঠানোর প্রয়োজন ফুরিয়ে গেলে সহজেই তা বাতিল করা সম্ভব হবে।

বিষয়:নতুন ফিচার হোয়াটসঅ্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…