আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গাদের দ্রুত সাহায্য দিতে পেরেছে বাংলাদেশ।
মন্ত্রী বলেন: আজ তারা তৈরি করা শেডে উঠেছে। এটা শেখ হাসিনার ম্যাজিক। এসব আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার পাশপাশি তারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন মানবিক কারণে তাদের সব কিছু দেখবে বাংলাদেশ।
সোমবার সকালে কক্সবাজার শহরের হোটেল কক্সটুডেতে রোহিঙ্গাদের জন্য দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ গ্রহণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাওয়া ৩০ লাখ টাকা পরে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে হস্তান্তর করেন ওবায়দুল কাদের।
সেসময় সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।







