আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন

ছবি: সংগৃহীত
প্রায় নয় বছর ধরে নিজ জন্মভূমি থেকে বিচ্ছিন্ন রোহিঙ্গাদের জীবনে অনিশ্চয়তা ও দীর্ঘ অপেক্ষা। সাত বছরের আইনি লড়াই শেষে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে নতুন করে দেশে ফেরার স্বপ্ন দেখছেন উখিয়া-টেকনাফের আশ্রয়শিবিরে বসবাসকারী রোহিঙ্গারা। নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে মিয়ানমারের রাখাইনে ফিরতে চান তারা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের অভিযোগে গাম্বিয়ার করা মামলায় দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত রায় ঘোষণা করেন। রায়ে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়। আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনান। রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার প্রমাণ, ব্যাপক যৌন সহিংসতা এবং পরিকল্পিত হত্যাযজ্ঞের বিষয় উঠে আসে। আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের লড়াইয়ে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রায় ঘোষণার পরদিন শুক্রবার (২০ নভেম্বর) উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ফুটবল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে উপস্থিত হন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে বিপুলসংখ্যক রোহিঙ্গার সামনে তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে একটি দেশকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি একটি যুগান্তকারী রায়। এ ধরনের রায় আগে কখনো হয়নি। এই রায় প্রতিপালিত না হলে বিদ্যমান আন্তর্জাতিক বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে।
তিনি আরও বলেন, মিয়ানমারকে অবশ্যই নিশ্চিত করতে হবে, রোহিঙ্গাদের প্রতি এমন আচরণের পুনরাবৃত্তি আর কখনো হবে না। আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় বাস্তবায়নে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করবে জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারে উদ্যোগ নেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে রোহিঙ্গাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের বিশ্বাস, আন্তর্জাতিক আদালতের রায় এবং জাতিসংঘের উচ্চপর্যায়ের উদ্যোগ মিয়ানমারের ওপর চাপ বাড়াবে। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন গতি আসতে পারে।
‘নিজের বসতভিটায় ফেরার আশা আবার জেগেছে’
চার নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মাওলানা আলী আহমদ বলেন, ‘মিয়ানমারে যাওয়ার স্বপ্ন প্রায় ভুলেই গিয়েছিলাম। মনে করেছিলাম, হয়তো এখানেই জীবনের শেষ দিন কাটাতে হবে। কিন্তু আন্তর্জাতিক আদালতের রায় আর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দৃঢ় প্রত্যয় দেখে আবার আশার আলো জেগেছে। মনে হচ্ছে, নিজের বসতভিটায় ফিরতে পারব।’
১২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা আব্দুর রহমানের জীবনেও ফিরে যাওয়ার স্বপ্ন নতুন করে জেগেছে। তিনি বলেন, ‘চার সন্তান নিয়ে বাংলাদেশে এসেছিলাম। এখন ছয় সন্তানের বাবা হয়েছি। এত বছর পর আবার নিজের দেশে ফেরার স্বপ্ন দেখছি। আশা করছি, খুব দ্রুত ছয় সন্তানকে নিয়ে নিজের ঘরে ফিরতে পারব।’
একই আশ্রয়শিবিরের বাসিন্দা মাওলানা মুজাহের আহমদ বলেন, ‘মিয়ানমারে শিক্ষকতা করতাম। নিজের দেশ ছেড়ে বাংলাদেশে এসে সবকিছু হারিয়েছি। আবার স্বপ্ন দেখছি নিজের দেশে ফেরার। তবে আমাদের নিরাপদে দেশে ফেরার জন্য বিশ্ববাসীকে সহযোগিতা করতে হবে। জানি না, আমাদের মতো মজলুম মানুষের পাশে বিশ্ববাসী কতটা এগিয়ে আসবে।’

শুধু স্বীকৃতি নয়, চান হত্যাকারীদের বিচার
রোহিঙ্গাদের কাছে আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিঃসন্দেহে বড় অর্জন। তবে শুধু গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নয়, বরং হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করার দাবি তাদের। কারণ, বিচারহীনতার অবসান না হলে দীর্ঘদিনের ক্ষত মুছে যাবে না বলে মনে করেন ভুক্তভোগীরা।
২০১৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫৪ বছর বয়সী আবু ছৈয়দ তাদেরই একজন। জন্মভূমি ছেড়ে আসার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভয়াবহ সেই দিনগুলোর স্মৃতি ভুলতে পারেননি তিনি। তার প্রত্যাশা, নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতিতেই যেন বিচারপ্রক্রিয়া শেষ না হয়; একদিন হত্যাকারীদেরও বিচারের মুখোমুখি করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় রোহিঙ্গা নাগরিকদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এটি গুরুত্বপূর্ণ অর্জন। রায় পেয়ে আমরা খুশি। তবে যারা গণহত্যা চালিয়েছে, তাদের এখনো বিচারের মুখোমুখি করা যায়নি। এ জায়গায় আমাদের হতাশা রয়ে গেছে।’
তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। শুধু আদালতের স্বীকৃতিতে রোহিঙ্গাদের প্রত্যাশা পূরণ হবে না, প্রকৃত বিচার নিশ্চিত করতে হবে।
সৈয়দ উল্লাহ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে এ মামলা আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সহযোগিতা করায় বাংলাদেশ সরকার, জনগণ, রোহিঙ্গা-সংশ্লিষ্ট অংশীজন ও জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নিতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির দাবি জানান।
রোহিঙ্গা নেতা মোহাম্মদ রফিকও মনে করেন, অপরাধীদের বিচার নিশ্চিত না হলে এ রায়ের পূর্ণাঙ্গ তাৎপর্য পাওয়া যাবে না। তিনি বলেন, ‘গণহত্যার বিচার না হলে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হবে না। আমরা শুধু রায়ের স্বীকৃতি চাই না, যারা আমাদের স্বজনদের হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে, তাদের শাস্তি চাই।’

বৃদ্ধদের চোখে ফেলে আসা ভিটেমাটি, তরুণদের স্বপ্ন নিরাপদ ভবিষ্যৎ
আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় রোহিঙ্গাদের বিভিন্ন প্রজন্মের কাছে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে এসেছে। ২০১৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে আসা ৭০ বছর বয়সী আব্দুল আমিন ও ৬৫ বছর বয়সী আবদুস সালামের কাছে এ রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়। তাদের কাছে এটি হারিয়ে যাওয়া স্বজন, ফেলে আসা বাড়িঘর এবং শৈশব-যৌবনের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘ অপেক্ষার একটি অধ্যায়।
একই শিবিরের ৬০ বছর বয়সী ছৈয়দ কসিম আন্তর্জাতিক আদালতের রায় শুনতে এসেছিলেন সাড়ে ছয় বছর বয়সী নাতি একরামুল্লাহকে সঙ্গে নিয়ে। পর্দায় আদালতের রায় প্রচারের সময় নাতিকে পাশে নিয়ে মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি। তার কাছে এ রায় শুধু অতীতের হত্যাযজ্ঞের বিচারের প্রত্যাশা নয়, পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের আশাও।
অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে এ রায় নিজের পরিচয় ও জন্মভূমি ফিরে পাওয়ার স্বপ্ন। ১৫ নম্বর আশ্রয়শিবিরের ১৭ বছর বয়সী মোহাম্মদ আমিন বলেন, ‘মিয়ানমারের মংডুর নলবনিয়া এলাকায় গণহত্যার বিষয়টি প্রমাণিত হলে আমরা নিজেদের দেশে ফিরে যেতে চাই। আমরা অন্যের দেশে শরণার্থী হয়ে থাকতে চাই না। নিজেদের জন্মভূমিতে নিরাপদে বসবাস করতে চাই।’
১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৯ বছর বয়সী মোহাম্মদ ইউসুফের কাছেও এ রায় ভবিষ্যতের আশার সঙ্গে জড়িয়ে আছে। তার প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপত্তা ও নিজ দেশে ফেরার পথ তৈরি হবে।
প্রত্যাবাসন নিয়ে যা বলছে বাংলাদেশ সরকার
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, বাংলাদেশ সরকার সব সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে। রোহিঙ্গারা যাতে নিজের দেশে সম্মানের সঙ্গে মর্যাদা নিয়ে ফিরে যেতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে যেতে পারেন, এ কাজে বাংলাদেশ সরকারের পাশে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে এলে খুব দ্রুত তাদের প্রত্যাবাসন সম্ভব হবে। রোহিঙ্গারা যেন নিজেদের দেশে সম্মান ও আত্মমর্যাদা নিয়ে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

যেভাবে শুরু হয়েছিল সাত বছরের আইনি লড়াই
সাধারণভাবে ‘জেনোসাইড কনভেনশন’ নামে পরিচিত ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
মামলায় গাম্বিয়া অভিযোগ করে, মিয়ানমার গণহত্যা সনদের বিধান লঙ্ঘন করেছে। দেশটির চলমান নির্যাতন বন্ধে জরুরি নির্দেশ দেওয়ার পাশাপাশি গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর ঘটবে না—এমন নিশ্চয়তা চাওয়া হয়।
গণহত্যা সনদের ৯ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত এ মামলার বিচার করতে পারে বলেও যুক্তি দেয় গাম্বিয়া। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, সনদের ব্যাখ্যা, প্রয়োগ বা পালন নিয়ে কোনো দেশের মধ্যে বিরোধ দেখা দিলে তা আন্তর্জাতিক বিচার আদালতে উপস্থাপন করা যাবে। মূল মামলার পাশাপাশি রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতেও আদালতের কাছে আবেদন জানিয়েছিল গাম্বিয়া।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বর ২০২৬ আদালত মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করে। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের তদন্ত, প্রয়োজন হলে বিচার ও শাস্তি, ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধের নিশ্চয়তা, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নির্দেশ দেন আদালত।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। তবে আদালত ব্যক্তিবিশেষের ফৌজদারি বিচার করে না; এ রায়ের মাধ্যমে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় নির্ধারিত হয়েছে। ফলে রোহিঙ্গাদের প্রত্যাশিত প্রকৃত বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সব মিলিয়ে সাত বছরের আইনি লড়াই শেষে আন্তর্জাতিক আদালতের রায় রোহিঙ্গাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তবে রায় ঘোষণার পরও তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা। নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, নিরাপত্তা, সম্পত্তির অধিকার ও মর্যাদার নিশ্চয়তা ছাড়া তারা নিজ দেশে ফিরতে চান না।
উখিয়া-টেকনাফের আশ্রয়শিবিরে এখন বৃদ্ধ থেকে তরুণ—সবার চোখে একই স্বপ্ন। আর কত দিন পর ফিরবেন নিজের দেশে? কবে ফিরে পাবেন ফেলে আসা বসতভিটা? আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ের পর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন লাখো রোহিঙ্গা। তাঁদের প্রত্যাশা, এবার যেন রায় কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে; বাস্তবে নিশ্চিত হয় ন্যায়বিচার, অধিকার ও নিজ দেশে ফেরার পথ।
উল্লেখ্য ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের জান্তা সরকারের দমন নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে থাকে রোহিঙ্গারা। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গার বসতি।






