মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি

ছবি: সংগৃহীত
রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ বাড়াতে পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং দেশটিতে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটি।
সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্য সরকার এসব পদক্ষেপের ঘোষণা দেয়। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার স্বীকৃতি এবং মিয়ানমারে চলমান মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তারা হলেন মেজর জেনারেল মিও হুতুত হ্লাইং, মেজর জেনারেল মিও মিন তুন, মেজর জেনারেল মিয়াত থেট উ, মেজর জেনারেল কিয়াও সোয়ে এবং মেজর জেনারেল কিয়াও সোয়ার ও। নিষেধাজ্ঞার ফলে তাদের সম্পদ জব্দ, ভ্রমণে নিষেধাজ্ঞা এবং কোম্পানির পরিচালক পদে থাকা অযোগ্য ঘোষণা করা হবে।
এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর বেসামরিক জনগণের ওপর বিমান হামলা বন্ধে দেশটিতে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ নিয়ন্ত্রণে আইন প্রণয়নের পরিকল্পনা করেছে যুক্তরাজ্য।
মানবিক সহায়তা হিসেবে রাখাইন রাজ্যের রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ অর্থে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবন রক্ষাকারী ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও ৩০ লাখ পাউন্ড দেওয়া হবে। এর আওতায় নির্যাতনের তথ্য-প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ এবং ভুক্তভোগীদের বিচারপ্রাপ্তিতে সহায়তা করা হবে। মিয়ানমারবিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক তদন্ত ব্যবস্থায়ও সহায়তা দ্বিগুণ করবে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনা বিনা জবাবদিহিতে থাকতে পারে না। আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের পর যুক্তরাজ্য গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। মিয়ানমারের জনগণের জন্য স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশটির পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
যুক্তরাজ্য জানিয়েছে, এ রায় কার্যকর করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জরুরি ভিত্তিতে কাজ করবে তারা। এ সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক এবং আগামী দুই সপ্তাহের মধ্যে মিয়ানমার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মামলা করে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিরুদ্ধে ১৯ দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এসব নিষেধাজ্ঞায় ৪২ ব্যক্তি ও ৩৯টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।






