বিনোদন

ঈদে মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে ‘শান’

ঈদে মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে ‘শান’

মানব পাচারের সত্য ঘটনা নিয়ে নির্মিত অ্যাকশন থ্রিলার ছবি ‘শান’ বাংলাদেশে মুক্তির পাশাপাশি ঈদে মালয়েশিয়াতেও একযোগে মুক্তি পাচ্ছে। ছবির পরিচালক এম রাহিম বিষয়টি জানিয়েছেন। 

নির্মাতা জানিয়েছেন, ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াঙ, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলবে ‘শান’।

নবীন এই নির্মাতা আরও জানান, সিয়াম আহমেদ, পূজা চেরী, চম্পা, তাসকিন, মিশা সওদাগর অভিনীত এ ছবিটি আগামীতে ইতালি ও অস্ট্রেলিয়াতেও মুক্তির পরিকল্পনা চলছে।

দেশের বাইরে ‘শান’ পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। ‘মিশন এক্সট্রিম’ এর পরে এ প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো ছবি মালয়েশিয়াতে পরিবেশন করতে যাচ্ছে।

বঙ্গজ ফিল্মসের কর্ণধার তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘ঈদের মতো বড় উৎসবে এখানে বসবাসকারী বাংলাভাষীদের বিনোদনের উদ্দেশ্যে ‘শান’ রিলিজ দিচ্ছি। আশা করি এতে করে এখানে অবস্থানকারী বাংলাদেশীদের ঈদের আনন্দ আরও বাড়বে।’

এদিকে ঈদে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন সিনেমা হলে ‘শান’ ছবিটি মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ছবির পরিবেশক সংস্থা জাজ মাল্টিমিডিয়া। শান-এর গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

বিষয়:চম্পা তাসকিন পূজা চেরী মালয়েশিয়া মিশন এক্সট্রিম মিশা সওদাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…