এক সপ্তাহের সংশয় কাটিয়ে অবশেষে টি২০ বিশ্বকাপ খেলতে আজ ভারত যাচ্ছে পাকিস্তান পুরুষ ও নারী ক্রিকেট দল। শহীদ আফ্রিদিরা লাহোর থেকে আবুধাবি হয়ে কলকাতায় যাবেন।
নিরাপত্তা নিয়ে ভারত সরকার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পর আফ্রিদিদের ভারত সফরের অনুমিত দেয় পাকিস্তান
সরকার।
ভারত যাওয়া নিশ্চিত হওয়ার পর পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, ‘অনিশ্চয়তা, দুশ্চিন্তা পিছনে ফেলে ভারতে আমরা শুধু ক্রিকেটে ফোকাস রাখতে চাই। জিততে চাই। সবুজ টিমকে সমর্থন করে যান।’
পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান বলেন, ‘আমরা ক্রিকেটারদের বলেছিলাম, যদি কেউ মনে করে ভারতে তারা নিরাপদে থাকতে পারবে না, ক্রিকেটে ফোকাস করতে পারবে না, তা হলে নিজেদের এই সফর থেকে সরিয়ে নিতে পারে। কিন্তু একজন ক্রিকেটারও এই প্রস্তাবে রাজি হয়নি। সবাই বলে, তারা ভারতে গিয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছে। এর পর নিশ্চয়ই আমাদের ছেলেদের বিশ্বকাপে খেলার ইচ্ছা নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না।’
শুধু আফ্রিদিদের নয়, ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তানের মেয়েদের দলকেও।
আফ্রিদি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেটের দুই কিংবদন্তি ইমরান খান ও ওয়াসিম আকরাম দলকে পেপ টক দিতে রাজি হয়েছেন।
পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস বলেন, ‘ভারতে গিয়ে ভারতের মুখোমুখি হওয়ার জন্য আমরা মুখিয়ে রয়েছি। আমাদের সেই সুযোগ করে দেওয়ার জন্য ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ।’






