পরিসংখ্যান নিতান্তই কিছু সংখ্যামাত্র। আদর করে যাকে আস্ত গাধাও ডাকা হয়! পরিসংখ্যান সঠিক ভবিষ্যৎ বার্তা বলে দেবে তেমন কোনো নিশ্চয়তাও নেই, তবে বিজয়ীর আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে এর ভূমিকা নিছকই অবজ্ঞার নয়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় বাঁচা-মরার ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি হারলেই বাড়ির বিমানে চাপার ঘণ্টা বেজে উঠবে মেসিদের জন্য। ড্র করলে সামনে থাকবে নানা হিসাবের মারপ্যাঁচ। আর জিতলে তো সব শঙ্কাই কেটে যাবে!
এমন ম্যাচে ক্রোয়েটদের বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি দিতে পারে কিছু পরিসংখ্যান। বিশ্বকাপে সাউথ আমেরিকার প্রতিপক্ষের বিপক্ষে খেলা চারটি ম্যাচেই হারের ইতিহাস আছে ক্রোয়েশিয়ার। যার ৩টিতে প্রতিপক্ষ ছিল ব্রাজিল, একটি আবার আর্জেন্টিনাই। এই তথ্য আলবিসেলেস্তেদের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিতে পারে!
উল্টোটাও হতে পারে। ক্রোয়েশিয়ার ভাণ্ডারে এমনকিছু পরিসংখ্যানও আছে যা জানলে অস্বস্তির কারণ হতে পারে আর্জেন্টিনার! বিশ্বকাপে গ্রুপপর্বে কখনোই নিজেদের দ্বিতীয় ম্যাচে হারেনি ক্রোয়েটরা। মেসিরা তাদের দ্বিতীয় ম্যাচেরই প্রতিপক্ষ। পরিসংখ্যানের হিসাবে ৩ জয়ের পিঠে এক ড্র রাকিটিচদের দলের। এই চার ম্যাচে দলটি গোল খেয়েছে আবার কেবল একটি। মেসিদের সেখানে গোল করা নিয়েই যত চিন্তা!








