মোহাম্মদ আমিরকে ছাড়াই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের জন্য উড়াল দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয়ে আবার ক্রিকেটে ফেরা বিতর্কিত এই ক্রিকেটার ভিসা পাননি।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, এই সপ্তাহের ভেতরই তারা ভিসা পেয়ে যাবেন।
পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেছেন, ‘আমির দলের সঙ্গে যেতে পারেনি। এখনো আমরা তার ভিসার জন্য অপেক্ষা করছি।’
ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন আমিরের ভিসার বিষয়টি এখনো ঝুলে আছে। তবে তারা আশা করছেন বুধবারের ভেতর ভিসা পেয়ে যাবেন।
এর আগে ২০১৬ সালেও একই পরিস্থিতির ভেতর পড়েন আমির। পরে দুইপক্ষের যোগাযোগের পর তাকে ভিসা দেওয়া হয়। এর আগে ২০১৪ সালে যুক্তরাজ্যে যাওয়ার জন্য নিজে নিজে ভিসার আবেদন করেন আমির। সেটা বাতিল হয়ে যায়।
২০১৬ সালের শেষদিকে পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ মেয়েকে বিয়ে করেন পাকিস্তানি পেসার। সেই থেকে নিয়মিত যুক্তরাজ্য ভ্রমণ করছেন। গত বছর কাউন্টিও খেলেছেন। কিন্তু এ বছর হঠাৎ করে তার ভিসা আটকে দেওয়া পিসিবিকে অবাক করেছে।








