স্পোর্টস

অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের ‘এক হালি’

অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের ‘এক হালি’

প্রীতি ম্যাচের লড়াইয়ে গত শুক্রবার আর্জেন্টিনার কাছে হেরে জয়রথ থেমেছিল ব্রাজিলের। ঠিক পরের প্রীতি লড়াইয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে তিতের শিষ্যরা।

মেলবোর্নে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৪৮তম দল আর শীর্ষ দলের লড়াইটি প্রথমার্ধে যা একটু জমে। ম্যাচের প্রথম মিনিটে ডিয়েগো সউজার গোলে এগিয়ে যায় নেইমারহীন ব্রাজিল।

গোলটি অবশ্য আসে ১০ সেকেন্ডের মাথায়। মিডফিল্ডার গুইলিয়ানোর বাড়ানো বলে কোনাকুনি শটে গোল করেন এই সেলেসাও ফরোয়ার্ড। এই অর্ধের বাকিটা সময় জাল অক্ষত রাখতে সক্ষম হয় অজিরা।

কিন্তু দ্বিতীয়ার্ধে আর রক্ষা হয়নি স্বাগতিকদের। ম্যাচের ৬২ মিনিটে থিয়াগো সিলভার গোলে ব্যবধান দ্বিগুণ হয় ব্রাজিলের। কর্নার থেকে পাওয়া বলে প্রথমে হেড করেছিলেন ডেভিড লুইস। সেটি পোস্টে লেগে ফিরে আসলে রদ্রিগো পাল্টা হেডে বল বাড়ান সিলভার দিকে। আরেক হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার সিলভা।

ম্যাচের ৭৫ মিনিটের সময় তৃতীয় গোলটি করেন টাইসন। মিডফিল্ডার পাউলিনহোর ব্যাকপাসে বল পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন বদলি নামা এই ফরোয়ার্ড।

মজার ব্যাপার হল ম্যাচের প্রথম মিনিটে গোল করা সউজা ম্যাচের শেষ মিনিটেও গোলের দেখা পেয়েছেন। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন উইলিয়ানের কর্নারে বল পেয়ে জোরাল এক হেডে!

বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলের শীর্ষে আছে বাজিল। টানা ৯ ম্যাচ জিতে উড়ছিল সেলেসাওরা। কোচ তিতের অধীনে ব্রাজিলের সেই জয়রথ থামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে মেলবোর্নে ১-০ গোলে হেরে। সেই মেলবোর্নেই আবারো জয়ে ফিরল ব্রাজিল।

বিষয়:ব্রাজিল-অস্ট্রেলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…