প্রীতি ম্যাচের লড়াইয়ে গত শুক্রবার আর্জেন্টিনার কাছে হেরে টানা জয়ের রথ থেমেছে ব্রাজিলের। এবার আরেকটি প্রীতি লড়াই, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তাতে জিতে আবারো চেনারূপে ফিরতে আত্মবিশ্বাসী কোচ তিতের শিষ্যরা।
মেলবোর্নে ফিফা র্যাঙ্কিংয়ের ৪৮তম দল আর শীর্ষ দলের লড়াইটি মঙ্গলবার বিকেলে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটা পাঁচ মিনিটে।
বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলের শীর্ষে আছে বাজিল। টানা ৯ ম্যাচ জিতে উড়ছিল সেলেসাওরা। কোচ তিতের অধীনে ব্রাজিলের সেই জয়রথ থামিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। মেলবোর্নেই ১-০ গোলে হারা ওই ম্যাচেও দারুণ ফুটবল খেলেছিল নেইমারবিহীন ব্রাজিল।
র্যাঙ্কিংয়ের অনেক পেছনের দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে অবশ্য সমস্যা হওয়ার কথা নয় লাতিন পরাশক্তিটির। তবে জয়ের মধ্যে আছে অস্ট্রেলিয়াও।
অ্যাডিলেডে গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে দলটি। এই জয়ে রাশিয়া বিশ্বকাপ ২০১৮তে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে অজিরা।








