সরকারি অনুদানের ছবি ‘জামদানী’তে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক রোশান। মঙ্গলবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘বেপরোয়া’ খ্যাত এ নায়ক।
রোশান চ্যানেল আই অনলাইনকে জানান, জামদানী ছবির শুটিং শুরু করবেন সেপ্টেম্বরের শেষে। নায়িকা হচ্ছেন শিবা আলী খান। যিনি শাকিব খানের অসম্পূর্ণ ছবি ‘অপারেশন অগ্নিপথ’ এ যুক্ত হয়ে আলোচনায় এসেছিলেন।
২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে ‘জামদানী’ ছবি। পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল। কাহিনি মোস্তফা মননের। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আবুল কালাম আজাদ।
রোশান বলেন, জামদানী ঘিরে একটি পল্লী, একজন ছেলের স্বপ্ন ও বিশ্ববাজারে জামদানীর বিস্তার নিয়েই জামদানী ছবির উপজীব্য। এখানে আমিই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।
তিনি বলেন, আবুল কালাম আজাদ ভাই একবছর ধরে এ ছবির চিত্রনাট্য সাজিয়েছেন। সবমিলিয়ে কাজটির সাথে থাকতে পারা সৌভাগ্যের।








