জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে হার দেখেছিল পাকিস্তান। দ্বিতীয়টিতে বড় জয়ে সিরিজ বাঁচিয়ে রাখে। তৃতীয় ও শেষ ম্যাচে কামরান গুলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ার পর বোলারদের দাপটে ৯৯ রানে জিতেছে পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী দলটি।
বুলাওয়েতে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ৩০৩ রান তোলে পাকিস্তান। জবাবে ৪০.১ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে।
আগে ব্যাটে নামা পাকিস্তানের কামরান সেঞ্চুরি করেছেন। ১০টি চার ও ৪টি ছক্কায় ৯৯ বলে ১০৩ রান করেন। ফিফটি করেছেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ৬৮ বলে ৫০ করে আউট হয়েছেন তিনি। মোহাম্মদ রিজওয়ান ৩৭, সাইম আইয়ুব ৩১ এবং সালমান আঘা ৩০ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা দুটি করে উইকেট নেন।
লক্ষ্যতাড়ায় নেমে স্বাগতিক ব্যাটারদের সর্বোচ্চ রানের ইনিংস এসেছে ক্রেইগ আরভিনের ব্যাট থেকে। ৬৩ বলে ৫১ রান করেন জিম্বাবুয়ে অধিনায়ক। ব্রেইন বেনেট ২৭ বলে ৩৭ রান করেন।
পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামাল দুটি করে উইকেট নেন।








