অন্তুম নাকভি, পাকিস্তানি বাবা-মা’র ঘরে জন্মেছিলেন বেলজিয়ামে। চার বছর বয়সে পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। সেখানে বেড়ে ওঠেন। পাইলটের চাকরিও পেয়েছিলেন তাসমানপাড়ের দেশটিতে। ক্রিকেটের টানে সেই চাকরি ছেড়ে চলে যান জিম্বাবুয়েতে। সেখানে দেখিয়েছেন যোগ্যতা। এবার ডাক পেয়ে গেলেন জিম্বাবুয়ে দলেই।
হারারেতে চলতি মাসে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সিরিজ সামনে রেখে সোমবার দল দিয়েছে স্বাগতিক দেশটি। ১৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন ২৫ বর্ষী পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। যদিও সিরিজে নাকভি খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সিরিজের আগে জিম্বাবুয়ের নাগরিকত্ব পেলে একাদশে দেখা যেতে পারে তাকে।
চলতি বছর জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন নাকভি। পরে আলোচনায় আসেন। লোগান কাপে মিড ওয়েস্ট রাইনোসের হয়ে প্রথম জিম্বাবুয়ে ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়েন। ঘরোয়া ক্রিকেটে নাম লেখানোর দুবছরের মাথায় ক্লাবটির অধিনায়কও বনে যান এ ব্যাটার।
টি-টুয়েন্টিতে ৭টি ম্যাচ খেলেছেন নাকভি। ৩৪.৫০ গড়ে করেছেন ১৩৮ রান। স্ট্রাইকরেটটা বেশ ভালো, ১৪৬.৮০। টপঅর্ডার ব্যাটার হিসেবে তাই ডাক পেয়ে গেলেন জাতীয় দলে।
ভারত সিরিজে জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, টেন্ডাই চাতারা, লুক জংয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওনাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, ব্লেজিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, অন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা ও মিল্টন সাম্বা।








