২০০৬ সালে জার্মানির বার্লিনে বিশ্বকাপের ফাইনালে লড়েছিল ফ্রান্স ও ইতালি। শিরোপার দৌড়ে তুমুল উত্তেজনার মধ্যে জিদানের করা গোলে এগিয়ে যায় ফরাসিরা। পরে মার্কো মাতেরাজ্জির গোলে সমতায় ফেরে ইতালি। এরপর ঘটে সেই আলোচিত ঘটনা, নিজেদের মধ্যে কথার লড়াইয়ে এক পর্যায়ে জিদান মাথা দিয়ে ঢুস মেরে বসেন মাতেরাজ্জির বুকে। রেফারি লাইন্সম্যানের সাথে কথা বলে লাল কার্ড দেখান জিদানকে।
প্রায় ১৮ বছর পর ফ্রান্সের কিংবদন্তি সাবেকের সাথে সেই বিষয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন ওই বিশ্বকাপে জয়ী ইতালির ডিফেন্ডার মাতেরাজ্জি। তবে জিদানের কাছে ক্ষমা চাওয়া উদ্দেশ্য নয়, স্বাভাবিক কথাবার্তা বলতে চান।
ইতালিয়ান গণমাধ্যমে মাতেরাজ্জি বলেছেন, ‘ওই ঘটনার পর থেকে তার সাথে কথা বলিনি। ঘটনার আগেও তার সাথে আমার কথা হয়নি, পরেও হয়নি। আমাদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক ছিল না। সে খেলাটার একজন কিংবদন্তি এবং খেলোয়াড়, ম্যানেজার ও টানা তিন চ্যাম্পিয়ন্স লিগজয়ী হিসেবে তার প্রতি আমার অনেক সম্মান রয়েছে।’
‘তার কাছে ক্ষমা চাওয়া আমার উদ্দেশ্য নয়, কিন্তু হাসিখুশিভাবে তার সাথে কথা বলতে চাই। ওই ঘটনার অনেক বছর পার হয়ে গেছে। আমি সেখানে কোনো সমস্যা দেখছি না।’








