আত্মরক্ষায় ভারতের অধিকারকে সম্মান করতে হবে: ব্লিঙ্কেন

ছবি: সংগৃহীত
সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না এবং আত্মরক্ষায় ভারতের অধিকারকে যুক্তরাষ্ট্রের সম্মান করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত ও পাকিস্তানের সম্পর্ককে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির বলে উল্লেখ করেন ব্লিঙ্কেন। তার মতে, ভারতের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের পরিধি বৈশ্বিক। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মূলত আঞ্চলিক স্বার্থকেন্দ্রিক।
ব্লিঙ্কেন বলেন, ভারত এখন একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের ব্যাপক মিল রয়েছে। দুই দেশের সম্পর্কের ভিত্তি শুধু কূটনৈতিক সহযোগিতা নয়, বরং দুই দেশের মানুষের মধ্যকার গভীর যোগাযোগও।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে। তবে ভারত ও পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ধরন এক নয়।
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি থাকতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না। এর অর্থ হলো, আত্মরক্ষায় ভারতের অধিকারকে আমাদের সম্মান করতে হবে।’
ব্লিঙ্কেনের মতে, কোনো হামলার জবাবে ভারতের পদক্ষেপের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রাখতে হবে, যাতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বড় সংঘাতে রূপ না নেয়। বিশেষ করে দুই দেশেরই পারমাণবিক অস্ত্র থাকায় সংঘাত ছড়িয়ে পড়লে তার পরিণতি ভয়াবহ হতে পারে।
পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্নায়ুযুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধের সময় নিজেদের কৌশলগত স্বার্থের কারণে ওয়াশিংটনের বিভিন্ন প্রশাসন পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্বের বিষয়ে তুলনামূলক কম সমালোচনামুখর ছিল। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের অগ্রগতি তুলে ধরে ব্লিঙ্কেন বলেন, কয়েক দশকে দুই দেশের সম্পর্ক দূরত্ব থেকে প্রকৃত কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে। ভবিষ্যতে মহাকাশ গবেষণা, কোয়ান্টাম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের বিষয়েও কথা বলেন তিনি। ব্লিঙ্কেন বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। যুক্তরাষ্ট্র এ সম্পর্কের অবসান চায় না। দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তা স্বাভাবিক।
এ ছাড়া সম্মেলনে পরিবর্তিত বিশ্বব্যবস্থা, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যবর্তী নির্বাচন দেশটির আন্তর্জাতিক সম্পর্ককে কীভাবে প্রভাবিত করতে পারে, তা নিয়েও আলোচনা করেন ব্লিঙ্কেন।
পশ্চিম এশিয়ার সংঘাত, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ঝুঁকিও আলোচনায় উঠে আসে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হলে তার সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেন তিনি। বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগের ওপরও গুরুত্ব দেন সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৭১তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যান্টনি ব্লিঙ্কেন।






