আন্তর্জাতিক

স্টারলিংকের বিধিনিষেধ তুলতে যুক্তরাষ্ট্র ও ইলন মাস্ককে জেলেনস্কির আহ্বান

স্টারলিংকের বিধিনিষেধ তুলতে যুক্তরাষ্ট্র ও ইলন মাস্ককে জেলেনস্কির আহ্বান

ইউক্রেনের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে ব্যবহৃত স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারশিল্ডের গতিসীমা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ (১৬ নভেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের সংযোগের গতি সীমিত করে দেওয়ার বিষয়টি কয়েক সপ্তাহ ধরে আলোচনায় রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের সরবরাহ করা এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে ইতিহাসের সঠিক পক্ষে থাকার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আমরা এসব বিধিনিষেধ তুলে নেওয়ার অপেক্ষায় রয়েছি। শীতের আগে মানুষের জীবন ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর সুরক্ষা সরাসরি এর ওপর নির্ভর করছে। রুশ জেটচালিত ড্রোনের হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনগুলো সমস্যায় পড়ছে।

তিনি বলেন, স্টারশিল্ড টার্মিনালের গতিসীমা নির্ধারণ করে দেওয়ায় ড্রোনের সঙ্গে অপারেটরদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঘণ্টায় প্রায় ১৬১ কিলোমিটার গতিতে পৌঁছালেই ইন্টারসেপ্টর ড্রোনগুলো তাদের নিয়ন্ত্রণকারীদের সঙ্গে যোগাযোগ হারাচ্ছে। ফলে রাশিয়ার জেটচালিত শাহেদ ড্রোনের পিছু নেওয়া ও সেগুলো ধ্বংস করা কঠিন হয়ে পড়ছে।

এক সপ্তাহ পর সংযোগ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আভাস মিললেও ইউক্রেন জানায়, সীমাবদ্ধতা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। জেলেনস্কির দাবি, গত সোমবার থেকে নেটওয়ার্কে ঘণ্টায় প্রায় ১০০ মাইল বা ১৬১ কিলোমিটার গতির সীমা কার্যকর করা হয়েছে। তবে এই বিধিনিষেধ পুরো ইউক্রেনে নয়, মূলত রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোতে এবং সম্মুখসারিতে কার্যকর রয়েছে।

এনিয়ে আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যায়। মাস্ক দাবি করেন, স্টারশিল্ড যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকায় এ বিধিনিষেধের দায় তাদের। তবে ট্রাম্প দায় অস্বীকার করে বলেছিলেন, তিনি মাস্ককে বিধিনিষেধ তুলে নিতে বলেছেন।

বিষয়:ইলন মাস্ক জেলেনস্কি স্টারলিংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…