থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্লোবাল ওয়ার্ল্ড ইউনিভার্সাল ২০২৫–২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শিরোপা অর্জন করেছেন বাংলাদেশি-কানাডিয়ান জেরিন মাহমুদ।
হাজারো প্রতিযোগীর মধ্য থেকে উঠে এসে এই শিরোপা অর্জন করেছেন জেরিন। যা কেবল তার ব্যক্তিগত জয় নয়, বরং নারী সমাজের শক্তি ও সম্ভাবনার এক জ্বলন্ত উদাহরণ হিসেবে দেখছেন।
বিশ্বসুন্দরীর মঞ্চে আলো ছড়ানো জেরিন একইসাথে কানাডার একটি আঞ্চলিক সরকারি প্রতিষ্ঠানে আইটি প্রজেক্ট ম্যানেজার ও সিনিয়র বিজনেস অ্যানালিস্ট হিসেবে পূর্ণকালীন কর্মরত।
ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক শেষ করে ২০১৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জনের লক্ষ্যে জেরিন পাড়ি জমান কানাডার অটোয়ায়। টেকনোলজি ইনোভেশন ম্যানেজমেন্টে ভর্তি হন কার্লটন বিশ্ববিদ্যালয়ে।
সেখান থেকেই শুরু হয় তার স্বপ্নের নতুন অধ্যায়—ব্যবসায় শিক্ষা থেকে প্রযুক্তিপেশায় উত্তরণ, অভিবাসী থেকে কমিউনিটি অ্যাডভোকেট হয়ে ওঠা, আর মনের গহীনে লালিত সৌন্দর্য প্রতিযোগিতার নীরব প্রস্তুতি।







