জনপদ

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই: শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই: শিশির মনির
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। এ বিষয়ে বিভিন্ন মহলে প্রচারিত বক্তব্যের অধিকাংশই গুজব বলে দাবি করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় দুই দেশ একমত হয়েছে, কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে কিংবা অন্য দেশে অপরাধ করে এ দেশে এলে, তিনি বন্দি থাকুন বা না থাকুন, সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত হওয়া দেশের কাছে হস্তান্তর করার দায়িত্ব রয়েছে। এটিই বন্দি প্রত্যর্পণ চুক্তির মূল বিধান।

তিনি বলেন, অনেকেই মনে করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাকে আগে বন্দি থাকতে হবে। এ ধারণা সঠিক নয়। চুক্তির আওতায় অপরাধী কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা যায়; এজন্য তাকে কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ পর্যন্ত তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।

প্রত্যর্পণের প্রক্রিয়া ব্যাখ্যা করে শিশির মনির বলেন, ভারতীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে একজন ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে। ওই ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণসংক্রান্ত দায়িত্ব পালন করে বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই করবেন। নথি সঠিক ও গ্রহণযোগ্য হলে তিনি প্রত্যর্পণের আদেশ দিতে পারবেন।

এরপর দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। নির্ধারিত স্থানে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। আইনি পরিভাষায় এই স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিয়েন্স’ বলা হয়।

তিনি আরও বলেন, প্রত্যর্পণের জন্য পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে হস্তান্তরের সময় ও স্থান নির্ধারণ করেই প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব।

শিশির মনিরের ভাষ্য, বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, তাদের অনেকেই আইন সম্পর্কে যথাযথ ধারণা ছাড়াই কথা বলছেন।

মতবিনিময় সভায় জামায়াতের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:আইনজীবী শিশির মনির বন্দি প্রত্যর্পণ চুক্তি বাগেরহাট সার্কিট হাউজ বাংলাদেশ শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…