আন্তর্জাতিক

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের গ্রামের বাড়িতে চুরি

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের গ্রামের বাড়িতে চুরি

প্রিন্স উইলিয়াম, কেট মিডলটন ও তাদের গ্রামীণ বাড়ি।

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের গ্রামের বাড়িতে চুরির অভিযোগে দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা এবং সুরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত দু’জন হলেন ৩৪ বছর বয়সী মিরগেন দুকু এবং ৩২ বছর বয়সী আরিলেন এনদোসি।

নরফোক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ এবং সুরক্ষিত স্থানে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। বুধবার তাদের নরউইচ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় নরফোক কাউন্টিতে রাজপরিবারের স্যান্ড্রিংহাম এস্টেটের একটি বাড়িতে সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পরে বাড়িটিতে চুরির ঘটনা তদন্ত শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান প্রথম জানায়, উইলিয়াম ও কেটের আনমার হল নামের ১০ শয়নকক্ষের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ২০১১ সালে তাদের বিয়ের উপহার হিসেবে বাড়িটি দিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িটিতে রাজপরিবারের কেউ ছিলেন না। উইলিয়াম ও কেট ছুটি কাটানো এবং অবকাশ যাপনের জন্য বাড়িটি ব্যবহার করেন। তবে তাদের মূল বাসস্থান লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসল এস্টেটে।

বিষয়:কেট মিডলটন নরউইচ ম্যাজিস্ট্রেট আদালত প্রিন্স উইলিয়াম বাড়িতে চুরি ব্রিটিশ রাজপরিবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…