সাংবাদিকের গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা, অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ

সংগৃহীত
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশায় গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তার বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়।
গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের হামলাকে ন্যক্কারজনক ও নিন্দনীয় উল্লেখ করে ওইএস নেতারা বলেন, সাংবাদিকের পেশাগত পরিচয়ের কারণে তার পরিবারের সদস্যদের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অমিত হাসান রবিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সব গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
ওইএস নেতারা বলেন, সাংবাদিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে সংগঠনটি।






