জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সভায় যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সভায় যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তখন নিউইয়র্কে দুই নেতা অবস্থান করলেও তারা কোন বৈঠকে অংশ নিবেন না।
আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিষয়টির সঙ্গে জড়িত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ব্যক্তিদের সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। কিন্তু ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদি দেখা করবেন বলে আশা করা হচ্ছে না।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। তবে ভারত জানিয়েছে, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডার অংশ নয়। এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর ব্যস্ত সময়সূচিতে কাটবে।
আরেকজন কর্মকর্তা বলেছেন, নিউইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে মোদি কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে কোন বৈঠক শিডিউলে নেই।
ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপাতত বৈঠক না করার বিষয়ে বিশ্লেষকরা ধারণা করছেন, এখন যদি ড. ইউনূসের সঙ্গে মোদিকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে। আর মোদি এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না। কারণ আলোচনা হলে সেখানে অবশ্যই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠবে।







