ভারতের কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে এক যুবক খুন হয়েছে। এই ঘটনায় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে গুলি চালিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের বেগারিয়া গ্রামে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রী কৌশল কিশোরের বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব।
জানা গেছে নিহত যুবক কৌশল কিশোরের বন্ধু। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে নিহত যুবকের পরিবার। অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত মন্ত্রী-পুত্রকে আটক করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। তবে এই খুনের ঘটনার কারণ এবং এই বিষয়ে ওই মন্ত্রীর বক্তব্য এখনও জানা যায়নি।







