অর্থনীতি

এলএনজির দাম ১২ থেকে বেড়ে ৩১ ডলার, দেশে ডিসেম্বর পর্যন্ত সরবরাহ নিশ্চিত

বিশাল এলএনজি ট্যাংকার সমুদ্রের মধ্যে চলন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রের মধ্যে একটি এলএনজি ট্যাংকার, যা গ্যাস পরিবহন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটাতে প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এখন আগামী জানুয়ারি মাসের চাহিদা মেটাতে এলএনজি কেনার পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। ডিসেম্বর পর্যন্ত সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় এলএনজি কেনা হয়েছে। এখন জানুয়ারি মাসের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন করে এলএনজি কেনার পরিকল্পনা করা হবে।

সাম্প্রতিক জ্বালানি সংকটের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। একই সঙ্গে গ্যাসের অভাবে ভোগান্তিতে পড়ে শিল্পকারখানাগুলো।

তিনি বলেন, সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে। এ সময় সিঙ্গাপুরের বাজারেও এলএনজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে পৌঁছেছে।

মন্ত্রী আরও বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের প্রায় সমান হয়ে যায়। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কিছু ইউনিট চালু করা হয়।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে এখন গ্যাস সরবরাহ মোটামুটি স্থিতিশীল রয়েছে। গত প্রায় দুই সপ্তাহে লোডশেডিংয়ের পরিমাণও খুব কম ছিল। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও তা জ্বালানি সংকটের কারণে নয়, বরং কারিগরি ত্রুটির কারণে হয়েছে।

ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার পর এখন জানুয়ারির চাহিদা মেটাতে জ্বালানি কেনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

বিষয়:গ্যাস জ্বালানি সংকট প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মজুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…