স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় শিশু নিহত, আহত বড় ভাই

শিশু হাসপাতালে চিকিৎসাধীন, পরিবারের সদস্যরা ও চিকিৎসকরা আশপাশে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় মোহাম্মদ হুসাইন (৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ হাসান (১৩) গুরুতর আহত হয়েছে।
বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. তানজিনা তৈয়ব এসব তথ্য নিশ্চিত করেছে।
নিহত মোহাম্মদ হুসাইন ও গুরুতর আহত মোহাম্মদ হাসান পাকুন্দিয়া উপজেলার আদর্শ পাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। দুজনই কালিয়াচাপড়া চিনিরকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
ছেলেদের মা জেসমিন রেজা ও বাবা সোহেল মিয়া জানান, আজ স্কুলে আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দেয়ার জন্য সকালে নাস্তা খাওয়ার পর তারা দুজনেই স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে যায়। মোহাম্মদ হুসাইন শারীরিক প্রতিবন্ধী থাকায় সাইকেল চালাচ্ছিল বড় ভাই মোহাম্মদ হাসান। কিছুক্ষণ পরে স্কুল থেকে ফোন আসে তারা দুইজন এক্সিডেন্ট করেছে। এই কথা শুনে আমরা হাসপাতালে ছুটে আসি। এসে দেখি হুসাইন মারা গেছে।
একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জোবায়েদ জানান, হাসান ও হুসাইন সাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলের সামনে পৌঁছে গেছে। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস এসে তাদের সাইকেলকে জোরে ধাক্কা দেয়। এ ধাক্কায় সাইকেল থেকে দুই জনই ছিটকে পড়ে। ঘটনা দেখে আমরা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যাই। মাইক্রোবাস থামিয়ে চালক পালিয়ে যায়। পরে তাদেরকে সিএনজি চালিত অটোরিকশায় করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. তানজিনা তৈয়ব বলে জানান, আমি ওই পথ দিয়ে হাসপাতালে আসছিলাম। ঘটনা দেখে আমি আমাকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি থামিয়ে তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসি। অবস্থা দেখে মনে হয়েছে ঘটনাস্থলেই হুসাইন মারা গেছে। হাসানের আঘাত গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।






