ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় আফগান সিরিজ জেতা হল না বাংলাদেশের

২-২ সমতায় অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ

ব্যাটিং ব্যর্থতায় আফগান সিরিজ জেতা হল না বাংলাদেশের

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। টাইগার যুবারা প্রথম দুটি ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল। তবে শেষ দুটি ম্যাচে ছন্দ হারিয়েছে। তৃতীয় ম্যাচের হারের শেষ ওয়ানডেতেও ছন্দহীন যুবা টিম টাইগার্স। ৪ ‍উইকেটে জিতে সিরিজ বাঁচিয়েছে আফগান যুবারা। ২-২ সমতায় সিরিজ ভাগাভাগিতে সন্তুষ্ট হতে হয়েছে ফরিদ হোসেনের দলকে।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২১৯ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে নেমে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান।

আগে ব্যাটে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক ফরিদ হোসেন। ২৯ রান করে আসে আলামিন হোসেন রনি ও রবিউল হাসান অনিকের ব্যাটে। ২৩ রান করেন আহসান আল মুমিন। বাকিদের কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।

আফগান যুবাদের হয়ে আমির হামজা ও সোহাইল খান তিনটি করে উইকেট নেন। লুতুফুল্লাহ মোহাম্মদী নেন দুটি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে আফগান ব্যাটারদের মধ্যে ফিফটি করেন দুজনে। ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তাহির সারওয়ারি। ৬০ রান করেন সুবহান জাখাইল। ২৪ রান করেন নোমান সালারজাই।

বাংলাদেশ বোলারদের মধ্যে আল আমিন হোসেন ২ উইকেট নেন।

বিষয়:অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ আফগানিস্তান ওমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…