বিনোদন

আবারও বোমা হামলার হুমকিতে অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনের বাংলো ও মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে বোমা হামলার হুমকি

আবারও বোমা হামলার হুমকিতে অমিতাভ বচ্চন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি এবং ভারতের মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মেয়র ঋতু তাওয়াড়ে ও মিউনিসিপ্যাল কমিশনার অশ্বিনী ভিড়ের কাছে পাঠানো একটি ই-মেইলে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাইয়ের নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইলে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’ ছাড়াও মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন ও আচার্য মেট্রো স্টেশনে বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো অমিতাভ বচ্চনের বাড়ি হামলার হুমকির লক্ষ্যবস্তু হলো। এর আগে গত ২৩ অক্টোবর মুম্বাই পুলিশের কাছে একই ধরনের হুমকির তথ্য জানানো হয়েছিল। গত মাসেও মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুলে পাঠানো হুমকির ই-মেইলে অমিতাভের বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করা হয়েছিল।

এরপর থেকেই অমিতাভের বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতি রোববারের মতো ভক্তদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে এলেও এবার তাকে বাড়তি নিরাপত্তার মধ্যে দেখা যায়। এ সময় তার ছেলে অভিষেক বচ্চনও পাশে ছিলেন। ভক্তদের সঙ্গে দেখা করার সময় নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ কাচের আড়ালে অবস্থান করেন অভিষেক।

এদিকে বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন। বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘ভেট্টাইয়ান’-এ।

বিষয়:অমিতাভ বচ্চন ইমেইল জলসা বলিউড বোমা হামলা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…