ফাইনালে ইংল্যান্ড-উইন্ডিজ কিংবদন্তি মহারণের অপেক্ষা
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড-২০২৬

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স। চ্যাডউইক ওয়াল্টনের অপরাজিত ৮৭ রানের বিস্ফোরক ব্যাটিংয়ে অজিদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় ক্যারিবীয়রা। টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম স্পন্সর আইস্ক্রিন সব খেলা সরাসরি দেখাচ্ছে।
রোববার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড প্রথম সেমিতে সাউথ আফ্রিকাকে হারিয়ে শিরোপা মঞ্চে এসেছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান জমায় অজি দল। জবাবে ১ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স।
উইন্ডিজের সর্বোচ্চ ৪২ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন চ্যাডউইক ওয়াল্টন। ইনিংসে ১০টি দর্শনীয় ছক্কা ও ২টি চারের মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ৪১ রান করেন শিবনারায়ণ চন্দরপল।
অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে নাথান কোল্টার ও কেন রিচার্ডসন ২টি করে উইকেট নেন। ফাওয়াদ আহমেদ নেন ১টি উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে কিছুটা ছন্দপতন ঘটে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে। দুই ওপেনার আর্সি শর্ট ও ডেভিট ওয়ার্নার শূন্য রানে আউট হন। মিডল অর্ডারে দলের হাল ধরেন জো বার্নস। সর্বোচ্চ ৫২ বলে ৮৬ রান করেন তিনি। শেষদিকে জোনাথন ওয়েলসের ৩৩ বলে ৪৯ রানে বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।
শেলডন কটরেল ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে তুলে নেন অজিদের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। ২টি উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট এবং ১টি উইকেট নেন সুলেমান বেন।






