স্বাগতিক সাউথ আফ্রিকা ও বাংলাদেশের ম্যাচ দিয়ে শেষ হয়েছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে খেলা দশ দলের মধ্যে সেমির টিকিট কেটেছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শেষ চারের লড়াই।
গ্রুপ-১ চ্যাম্পিয়ন্স হয়ে সেমির টিকিট কেটেছে অস্ট্রেলিয়া। গ্রুপপর্বের চারটি ম্যাচেই জিতেছে অজিরা। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কারও ছিল সমান ৪ পয়েন্ট করে। এই গ্রুপে একমাত্র বাংলাদেশই ছিল পয়েন্টশূন্য।
চার ম্যাচে চার জয়ে গ্রুপ-২ চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ ভারত। ৪ পয়েন্ট নিয়ে তিনে ওয়েস্ট ইন্ডিজ। দুই পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। পয়েন্টশূন্য ছিল আয়ারল্যান্ড।
২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিতে লড়বে ইংল্যান্ড ও স্বাগতিক সাউথ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি কেপটাউনে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।







