মুশফিক-হাসানের বিকল্প নিয়ে ভাবনা, সেঞ্চুরিয়নে কী পরিকল্পনা বাংলাদেশের

চোটের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পাওয়া যাচ্ছে না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার হাসান মাহমুদকে। ১০৮ টেস্টের অভিজ্ঞ মুশফিকের অনুপস্থিতি যেমন বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় শূন্যতা তৈরি করেছে, তেমনি ওয়ান্ডারার্সে দুর্দান্ত বোলিং করা হাসানের না থাকাও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
দুই ক্রিকেটারের বিকল্প নির্ধারণের পাশাপাশি সেঞ্চুরিয়ন টেস্টে বোলিং কম্বিনেশন নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। বৃষ্টির কারণে আগের দিন উইকেট ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেনি টিম টাইগার্স। ম্যাচের আগে পিচ দেখে একাদশ চূড়ান্ত করবেন প্রধান কোচ ফিল সিমন্স।
সোমবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। তার আগের দিন সংবাদ সম্মেলন আসেন কোচ ফিল সিমন্স। সেখানে মুশফিকের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতার বিকল্প পাওয়া যে সহজ নয়, সেটি স্বীকার করেছেন বাংলাদেশ কোচ। তবে তার বিশ্বাস, সুযোগ পাওয়া ক্রিকেটার দায়িত্ব নিতে প্রস্তুত থাকবেন।
বলেছেন, ‘১০৮টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা পূরণ করা সবসময়ই কঠিন। তবে তার জায়গায় যিনি আসবেন, তিনি এগিয়ে আসবেন এবং আমরা তাকে যে দায়িত্ব দেব, সেটি পালন করবেন।’
অন্যদিকে, হাসান মাহমুদের অনুপস্থিতিতে বাকি পেসারদের ওপর বাড়তি দায়িত্ব বর্তাবে। ওয়ান্ডারার্সে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই পেসারের জায়গায় স্কোয়াডে থাকা অন্য চার পেসারের মধ্য থেকেই কাউকে দায়িত্ব নিতে হবে। বলেছেন, ‘হাসান নেই, তবে আমাদের সঙ্গে আরও চারজন পেসার আছে। তাই কাউকে না কাউকে তার কাজের চাপ নিতে হবে।”
সেঞ্চুরিয়নের উইকেট বিবেচনায় বাংলাদেশের বোলিং আক্রমণে চার পেসার থাকবেন কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। সিমন্স বলেছেন, ‘উইকেট দেখার পরই আমরা সিদ্ধান্ত নেব। এখানে এসে অনেক দল চার পেসার খেলিয়েছে। তবে সেটি তাদের দলের গঠন ও ভারসাম্যের সঙ্গে মানানসই ছিল। আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টে বাংলাদেশের জন্য কোন সমন্বয়টি সবচেয়ে কার্যকর হবে, সেটিই আমাদের বিবেচনা করতে হবে।’





