আন্তর্জাতিক

২ হাজার রুপির জন্য দাদিকে খুনের অভিযোগ, নাতি গ্রেপ্তার

২ হাজার রুপির জন্য দাদিকে খুনের অভিযোগ, নাতি গ্রেপ্তার
ভারতের কর্ণাটক রাজ্যে সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির মাসিক ২ হাজার রুপির আর্থিক সহায়তার অর্থ নিয়ে বিরোধের জেরে ৭৮ বছর বয়সী দাদিকে হত্যার অভিযোগ উঠেছে এক নাতির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাতি ভীমাপ্পা সানাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) পুলিশ জানায়, কর্ণাটকের বেলাগাভি জেলার হুক্কেরি তালুকের আরালিকাট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম হাম্মাভা সানাদি। অভিযুক্ত তার নাতি ভীমাপ্পা সানাদি। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজ্য সরকারের ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের আওতায় পাওয়া অর্থের জন্য নাতি প্রায়ই দাদির ওপর চাপ সৃষ্টি ও নির্যাতন করতেন।

গত ১০ নভেম্বর বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর ঘটনাটি সামনে আসে। তদন্তে পুলিশ জানতে পারে, রুপার গয়না কেনার কথা বলে ভীমাপ্পা তার দাদিকে মোটরসাইকেলে করে নিয়ে যান। পরে তাকে কুন্দরাগি সোসাইটিতে নিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য করেন।

এরপর গাভি সিদ্ধেশ্বর পাহাড়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ। হত্যার পর দাদির কাছ থেকে ২ হাজার ৩০০ রুপি নগদ অর্থ ও একটি সোনার চেইন নিয়ে যান অভিযুক্ত।

পরে মরদেহটি একটি বস্তায় ভরে তার মধ্যে পাথর ঢুকিয়ে মোটরসাইকেলে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিদকাল বাঁধের জলাধারে ফেলে দেন তিনি। গত ১৫ নভেম্বর সেখান থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হত্যার ঘটনা আড়াল করতে ভীমাপ্পা নিজেই দাদি নিখোঁজ হওয়ার কথা তার বাবা রামাপ্পা সানাদিকে জানান। দুই দিন পর রামাপ্পা তার বোনকে বিষয়টি জানান। পরে ভীমাপ্পা তার বাবাকে জলাধারে মরদেহ দেখতে পাওয়ার কথাও বলেন। এরপর বাবা ও ছেলে মিলে জলাধার থেকে মরদেহ উদ্ধার করেন এবং বিষয়টি পুলিশকে জানান।

অভিযুক্ত তার বাবার কাছে হত্যার কথা স্বীকার করেছিলেন কি না, তা-ও যাচাই করছে পুলিশ। হত্যার আগে ও পরে অভিযুক্তের গতিবিধি এবং ঘটনার অন্যান্য দিক নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, কর্ণাটক সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘গৃহলক্ষ্মী’ ২০২৩ সালের আগস্টে চালু হয়। এ প্রকল্পের আওতায় যোগ্য পরিবারের নারী প্রধানদের সংসারের ব্যয় মেটানো ও আর্থিক স্বাবলম্বিতা বাড়াতে প্রতি মাসে ২ হাজার রুপি করে সরাসরি ব্যাংক হিসাবে দেওয়া হয়।

বিষয়:কর্ণাটক রাজ্য ভারত শ্বাসরোধে হত্যা সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…