১৮ দিনের মহাযজ্ঞ শেষে রাতে পর্দা নামছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের। নবম আসরে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে টুর্নামেন্টটি। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা সাউথ আফ্রিকার বিপক্ষে শিরোপা মঞ্চে লড়বে প্রথম দুই আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। আসরে দারুণ ছন্দে আছে দুদল। নিজেদের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নিউজিল্যান্ড।
সেমিফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে এসেছে সাউথ আফ্রিকা। ২০১৬ বিশ্বকাপে শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এসেছে নিউজিল্যান্ড। প্রথমবার শিরোপা জেতার জন্য মুখিয়ে দুদল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে লড়াই।
২০০৯ সালে লর্ডসে প্রথম আসরে ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা স্পর্শের স্বপ্নভঙ্গ হয় কিউইদের। ২০১০ সালে দ্বিতীয় আসরেও ফাইনালে থেলে নিউজিল্যান্ড। বার্বাডোজে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। ১৪ বছর পর আবারও শিরোপা মঞ্চে কিউইবাহিনী।
দুই আসরের ফাইনালে কিউইদের হয়ে খেলা সুজি বেটস ও সোফি ডিভাইন খেলছেন এবারও। ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া লেয়া তাহুহুও আছেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা মঞ্চ রাঙাতে মরিয়া সুজি। বলেছেন, ‘আমরা এই দলের দাদি, এখনও টিকে আছি। লেয়া তাহুহু তার বায়োনিক হাঁটু দিয়ে, সোফি অধিনায়ক হিসেবে অনেককিছু সামলেছেন, আমিও চালিয়ে যাচ্ছি- এটি সত্যিই একটি বিশেষ মুহূর্ত। অনেক কঠিন সময় পার করেছি, আমরা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছি। ফাইনালে উঠতে পেরেছি এটা বিশেষ। আমরা একে অন্যের জন্য জিততে চাই।’
২০২৩ বিশ্বকাপে সবশেষ আসরে ঘরের মাঠে শিরোপা জেতার সুযোগ ছিল সাউথ আফ্রিকার। কেপটাউনে অস্ট্রেলিয়ার কাছে ১৯ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় প্রোটিয়াদের। সেই স্মৃতিচারণ করে সংযুক্ত আরব আমিরাতে শিরোপা জিততে চান প্রোটিয়া অলরাউন্ডার ক্লো ট্রায়ন। বলেছেন, ‘সেই ফাইনালে আমরা নিজেদের ৮ বল পেছনে রেখেছিলাম। এই ধরনের খেলাগুলোতে সামর্থ্যের ২০০% দিতে হবে এবং শান্ত থাকতে হবে। আমরা হতাশ হয়ে পড়েছিলাম, প্রয়োজনের সময় আমরা হতাশায় ভুগেছি। কিন্তু এই আসরজুড়ে আমরা দারুণ করছি। নিজেদের শান্ত রেখেছি এবং কীভাবে লক্ষ্যে পৌঁছাতে হবে সেবিষয়ে পরিষ্কার ধারণা রাখছি। এই উদ্দীপনা বজায় রেখে জিততে চাই।’
দুদলের মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডের জয়ের পাল্লা ভারী। ২০০৭ সালে প্রথমবার দেখা হয় কিউই-প্রোটিয়া মেয়েদের। টি-টুয়েন্টিতে ১৬ বারের দেখায় নিউজিল্যান্ড ১১টিতে জিতেছে, সাউথ আফ্রিকা ৪টিতে। বিশ্বকাপে দুদল মুখোমুখি হয়েছে ৫ বার। যার তিনটিতে জিতেছে নিউজিল্যান্ড, প্রোটিয়ারা দুটিতে। গতবছর অক্টোবরে দুদলের শেষ দেখায় প্রোটিয়ারদের ১১ রানে হারায় নিউজিল্যান্ড।







